নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করা সেই চেয়ারম্যান বরখাস্ত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে চাঞ্চল্যের সৃষ্টি করা ৪৯ বছর বয়সী সেই ইউপি চেয়ারম্যান আবু তালেবকে অবশেষে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর ) এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুরের ইউএনও নূর-এ-জান্নাত।

জানা গেছে, গত ১ নভেম্বর রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব সরকার ওই ইউনিয়নের নবম শ্রেণিতে পড়ুয়া বর্ণিতা ওসমান বর্ণিকে (১৫) জন্ম তারিখ পরিবর্তন করে বিয়ে করেন। বিয়ের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

এ বিষয়ে তদন্ত করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবেদন পাঠান ইউএনও। পরে প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। ঘটনার সত্যতা পাওয়ায় চেয়ারম্যান আবু তালেবকে সাময়িক বরখাস্ত করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.