অবশেষে বলিউডে পা রাখলেন বাঁধন

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, বলিউডে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অবশেষে গুঞ্জন সত্যি হলো। বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমার মাধ‌্যমে এ যাত্রা শুরু করলেন এই শিল্পী। এ তথ‌্য নিশ্চিত করেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে বিশাল ভরদ্বাজ তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। তাতে বিশালের সঙ্গে দেখা যায় বাঁধনকে। ‘খুফিয়া’ সিনেমায় বাঁধনের অভিনয়ের তথ‌্য জানিয়ে এই নির্মাতা লিখেন—‘বাংলাদেশের অসাধারণ অভিনেত্রী বাঁধনকে পেয়ে খুবই আনন্দিত ‘খুফিয়া’ টিম।’

বাঁধন বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন। ‘খুফিয়া’ সিনেমার শুটিংয়ের জন‌্য সেখানে অবস্থান করছেন এই অভিনেত্রী। এ বিষয়ে বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হ‌্যাঁ, ‘খুফিয়া’ সিনেমায় কাজ করছি। কিন্তু এখনি এ বিষয়ে বিস্তারিত জানাতে পারছি না।’

‘খুফিয়া’ সিনেমায় অভিনয়ের জন‌্য প্রথমে বিদ‌্যা সিনহা মিম, পরে মেহজাবীন চৌধুরীকে প্রস্তাব দিয়েছিলেন বিশাল ভরদ্বাজ। কিন্তু এ সিনেমার গল্পে বাংলাদেশের নাম নেতিবাচকভাবে জড়িয়ে আছে বলে মন্তব‌্য করেছিলেন তারা। আর এজন‌্য এই কাজের প্রস্তাব ফিরিয়ে দেন মিম-মেহজাবীন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.