শাকিব খানের শুটিং দেখতে না পেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

জামালপুরে এস এ হক অলিক পরিচালিত সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন বর্তমান সময়ের ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এতে তার বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন নায়িকা পূজা চেরী। ছবিটির শুটিংয়ে শাকিব খানকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন হাজারো মানুষ। এবার জানা গেলো, শুটিং দেখতে নিয়ে না যাওয়ায় স্বামীর ওপর অভিমানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন জামালপুরের এক গৃহবধূ। জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামে গত (১১ অক্টোবর) বিকেলে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়,সরকারি অনুদানে নির্মিত গলুই সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ২৮ সেপ্টেম্বর থেকে চলচিত্র সুপারস্টার শাকিব খান জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়া জেলার সারিয়াকান্দি সীমানার জামথল ঘাটে অবস্থান করছেন। কিং খানকে একনজর দেখতে প্রতিদিন সারিয়াকান্দি ও মাদারগঞ্জ উপজেলার হাজার হাজার দর্শক শুটিংকালে ভিড় করে।

সোমবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী শাকিবের শুটিং দেখতে যাওয়ার বায়না ধরেন। কিন্তু স্বামী অসুস্থ থাকায় সেদিন নিয়ে যেতে না পারায় উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। কিছুক্ষণ পর গৃহবধূ সুমাইয়া ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়ঁনা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে তার স্বামী দরজা ভেঙে তাকে ঝুলানো অবস্থায় মাটিতে নামান।

ওই গৃহবধূর স্বামী জানান, ‘জামথল ঘাটে শাকিব খানের শুটিং দেখার জন্য আমার স্ত্রী বায়না ধরে। আমি জন্ডিস রোগে আক্রান্ত থাকায় দু-একদিন পর নিয়ে যেতে চাই। কিন্তু সে তা না মানায় আমাদের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা চালায় সে।’

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.